আজকের খবর - 14-08-2026
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৩৩
সিলেটে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্য হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজনের বয়স ১৭ মাস ও একজনের ছয় মাস।
এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে ১৩৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জনের হাম শনাক্ত হয়েছে। বাকিদের মধ্যে হামের উপসর্গ ছিল।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪২ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১১৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি হয়েছে। বাকিরা সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাম ও হাম উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়। এ পর্যন্ত সুনামগঞ্জে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সিলেটে ৪৮ জন, হবিগঞ্জে ১৭ জন ও মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যু হয়েছে।
২৭ মিনিট আগে
সিরাজগঞ্জে যমুনা নদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে নৌযান মালিক-কর্মচারীসহ ৩ উপজেলার ২৭ গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ এলাকার ত্রাস হিসেবে খ্যাত ‘সালাম বাহিনী’র বিরুদ্ধে বেলকুচি ক্ষিদ্রচাঁপিয়া এলাকায় মানববন্ধন করা হয়েছে।
সিরাজগঞ্জের বেলকুচি, টাঙ্গাইল সদর ও চৌহালী উপজেলার চরবেল, পুংলি, কাকুয়া, জাঙ্গালিয়া, কলাবাগান ও মহেষপুরের নৌযান মালিক-কর্মচারীরা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার ত্রাস হিসেবে খ্যাত সালাম ও তার সহযোগী রুবেল, কাওছার আলম, মাসুদ ও হাবিব গং সন্ধ্যা নামার পর যমুনা নদীতে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে সশস্ত্র মহড়া দেয়।
সিরাজগঞ্জ-ঢাকা নৌরুটে তারা সব ধরনের বাল্কহেড, ছোটবড় নৌকাসহ বিভিন্ন নৌযান থেকে বেপরোয়া চাঁদাবাজি করে আসছে। তার দাবিকৃত চাঁদা না দিলে নৌযান শ্রমিক-কর্মচারীদের মারধর করে। এ সালাম বাহিনীর অত্যাচার থেকে রক্ষা পেতে আজ আমরা নৌযান মালিক ও কর্মচারীরা মানববন্ধন করছি। যমুনায় নৌপথ নিরাপদ করতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বেশ কিছু দাবি উত্থাপন করেন।
আবু সাঈদের সভাপতিত্বে মানববন্ধনে নৌযান মালিক-কর্মচারীর পক্ষে বক্তব্য রাখেন ইউসুফ মোল্লা, কছির উদ্দিন, সুমন ও বক্কার মোল্লাসহ অনেকে। নৌযান মালিক-কর্মচারী ছাড়াও বেলকুচি, টাঙ্গাইল সদর ও চৌহালী উপজেলার ২৭ গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।
৪৩ মিনিট আগে
৭ এএসপি ও ৪৯ ওসি বাধ্যতামূলক অবসরে
সাতজন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ও ৪৯ জন পুলিশ পরিদর্শকসহ (ওসি) ৫৬ জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ও পুলিশ-২ শাখা থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।
পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তবে বিধি অনুযায়ী অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তা অবসরজনিত সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
অবসরে পাঠানো এএসপিরা হলেন— র্যাব সদর দপ্তরের এএসপি নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি-প্যাট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর এএসপি মো. গোলাম কিবরীয়া, ঢাকার আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম।
এই আদেশ জারির পর থেকে সংশ্লিষ্ট সাত কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত হিসেবে গণ্য হবেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অপরদিকে, পুলিশ-২ শাখার প্রজ্ঞাপনে বলে হয়েছে, বাংলাদেশ পুলিশে কর্মরত ৪৯ কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তবে বিধি অনুযায়ী অবসরপ্রাপ্ত এসব কর্মকর্তা অবসরজনিত সব ধরনের সুবিধাদি পাবেন।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে গলা কেটে ‘হত্যা’, ছেলে আটক
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না পেয়ে ঘুমন্ত মাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলে ইখলাসের (৩২) বিরুদ্ধে।
শুক্রবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার শ্যামকুড় গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শকের বানু (৬০) ওই এলাকার মৃত জেকের আলীর স্ত্রী।
স্থানীয়রা ও পুলিশ জানায়, ইখলাস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন।
গতকাল (বৃহস্পতিবার) রাতেও নেশার টাকা নিয়ে মা শকের বানুর সঙ্গে তার প্রচণ্ড কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইখলাস মায়ের ওপর ক্ষিপ্ত হন। পরে ভোরে ঘরে ঢুকে তার ঘুমন্ত মাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন ইখলাস। এরপর তিনি এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
সকালে নিহতের ছোট ছেলের স্ত্রী শাশুড়ির ঘরে খাবার দিতে গিয়ে বিছানায় রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মহেশপুর থানা-পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। অন্যদিকে, ঘটনার পরপরই স্থানীয়রা ইখলাসকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মাদকের টাকার জন্য মা ও ছেলের মধ্যে বিরোধের জের ধরেই এই রোমহর্ষক হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত ইখলাসকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গ নিয়ে আরও ৪ প্রাণহানি, আক্রান্ত ১১৫৯
দেশে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৯টি শিশু।
শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৯৫টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৯৪টি শিশু মারা গেছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৮৭টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৭২। এই সময়ে ৮৮৬টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৫০টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৪৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৭৩০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২২ হাজার ৭৯৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
১ ঘণ্টা আগে
আড়াই বছর পর রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের যাত্রা শুরু
নির্মাণের আড়াই বছর পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে স্কুল পর্যায়ের বালিকা শিক্ষার্থীদের বিভাগীয় স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে এই কমপ্লেক্স ব্যবহারের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
তিন দিনব্যাপী স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুল মোত্তালেব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম।
বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, অর্থনৈতিক সংকটের কারণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সটির কার্যক্রম শুরু করা যায়নি। এরপর নানাভাবে উদ্যোগ নিয়ে শুরু করা হলো। আশা করি আর কখনও এটি অর্থের কারণে বন্ধ হবে না। সরকারি-বেসরকারি সবার তরফ থেকে কমপ্লেক্সটি চালু রাখার চেষ্টা করা হবে।
বিভাগীয় কমিশনার আরও বলেন, স্কেটিংকে লক্ষ্য হিসেবে নিয়ে ভালো প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সব জায়গায় রংপুর বিভাগকে চ্যম্পিয়ন করতে হবে। স্বাস্থ্যকে সুন্দরভাবে গড়ে তুলে ভালো পড়ালেখার মাধ্যমে সমাজকে নেতৃত্ব দিতে হবে আজকের শিশুদেরকেই।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বিভাগীয় মহিলা অধিদপ্তরের উপপরিচালক সেলওয়ারা বেগম। এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ আলমসহ প্রশিক্ষাণার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিন দিনব্যাপী স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্প ছাড়াও প্রো-রেসলিং এবং রোলারসহ বিভিন্ন ধরনের স্কেটিং ইভেন্টে প্রশিক্ষণে অংশ নেন বালিকারা। দীর্ঘদিন পরে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ ধরনের প্রশিক্ষণের সুযোগে পেয়ে খুশি হন তারা।
রংপুর বিভাগের আট জেলার নারীদের খেলাধুলার প্রসার, উন্নয়ন ও বিকাশে ২০১৭ সালে ১০ একর জমির ওপর রংপুর মহানগরীর উত্তম এলাকায় ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। ২০২৩ সালের ২ আগস্ট রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের পর গত আড়াই বছর এখানে কোনো খেলাধুলা, প্রশিক্ষণ কিংবা আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া কমপ্লেক্সে কোনো কার্যক্রম ছিল না।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় গ্যাস লিকেজে বিষক্রিয়ায় নিহত ৮
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর সাগর উপকূলে অবস্থিত একটি জাহাজ ভাঙ্গার কারখানায় গ্যাস লিকেজ থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে দুই ভাইসহ ৮ জন শ্রমিক নিহত হয়েছেন। এতে কমপক্ষে আরও ১৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে ভাটিয়ারী রেলস্টেশনের পশ্চিমে বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে’ জাহাজ ভাঙ্গার সময় অসাবধানতাবশত একটি গ্যাসের পাইপলাইন কেটে যায়।
তাৎক্ষণিক আহত-নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, মুহূর্তের মধ্যে লিক হওয়া বিষাক্ত গ্যাস পুরো ইয়ার্ডে ছড়িয়ে পড়লে কর্মরত অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। বিষাক্ত গ্যাসে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং অসুস্থ হয়ে পড়েন আরও ২০ জন।
আক্রান্ত শ্রমিকদের উদ্ধার করে প্রথমে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা আল মামুন বলেন, ঘটনার সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে, জিয়া সুবেদার গ্রুপের মালিকানাধীন এই জাহাজভাঙ্গা কারখানায় গত বছরের ১৬ সেপ্টেম্বরও একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল, যেখানে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছিলেন আটজন শ্রমিক।
এছাড়া, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর সীতাকুণ্ডের এসএন করপোরেশন কারখানায় বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হন, পরে তাদের মধ্যে ৬ জন মারা যান।
২ ঘণ্টা আগে
সিলেটে ময়লার স্তূপ থেকে মানুষের খণ্ডিত পায়ের পাতা উদ্ধার
সিলেটে ময়লার স্তূপ থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মানুষের একটি খণ্ডিত পায়ের পাতা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে নগরের আম্বরখানা এলাকায় আম্বরখানা-এয়ারপোর্ট সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আম্বরখানা পয়েন্ট এলাকায় সড়কের পাশে ময়লার স্তূপে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মানুষের একটি খণ্ডিত পায়ের অংশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পায়ের অংশটি উদ্ধার করে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ময়লার স্তূপে মানুষের একটি খণ্ডিত পায়ের অংশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে পায়ের অংশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে চিকিৎসাধীন কোনো রোগীর অস্ত্রোপচারের সময় কেটে ফেলা পায়ের অংশ কেউ ময়লার স্তূপে ফেলে রেখে গেছেন। পায়ের অংশটিতে কিছুটা পচন ধরা ছিল।
৩ ঘণ্টা আগে
লোডশেডিংয়ে নওগাঁর কারখানাগুলোতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে সেচ
চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ও নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) আওতাধীন এলাকায় তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। এতে নওগাঁর কারখানাগুলোতে আগের তুলনায় কমছে উৎপাদন। এছাড়া, শহরের বাইরের এলাকায় দিনে ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে কৃষিজমিতে সেচ কার্যক্রম।
লোডশেডিংয়ের কারণে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এর ফলে কারাখানার উৎপাদন কমছে, কৃষিজমিতে সেচ কার্যক্রম ব্যহত হচ্ছে। আবার ঘাটতি মোকাবিলায় অনেক প্রতিষ্ঠান ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখায় উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে।
ধান-চাল উৎপাদনে প্রসিদ্ধ নওগাঁ জেলায় বর্তমানে ৭০০-এর বেশি চালকল রয়েছে। এছাড়া জেলায় খাদ্য ও খাদ্যজাত পণ্য, কৃষি যন্ত্রাংশ, প্লাস্টিক, লাইট ইঞ্জিনিয়ারিংসহ ছোট-বড় অসংখ্য কারখানা রয়েছে।
নেসকোর আওতাধীন নওগাঁ পৌরসভার সুলতানপুর এলাকায় অবস্থিত ঘোষ অটোমেটিক রাইস মিল। কারখানাটিতে গতকাল (বুধবার) দুপুর ১২টা থেকে আজ (বৃহষ্পতিবার) বেলা ১১টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। ফলে ডিজেল ব্যবহার করে মেশিন চালু রাখায় বেড়ে গেছে উৎপাদন খরচ। এতে লোকসানের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
চালকল কারখানাটির মালিক দ্বীজেন ঘোষ বলেন, লোডশেডিংয়ের কারণে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৫ থেকে ৬ বার লোডশেডিং হয়েছে। একবার বিদ্যুৎ গেলে প্রায় ১ ঘণ্টা পর আসে।
তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে ডিজেল দিয়ে মেশিন চালানোর ফলে উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে। বাধ্য হয়ে চাহিদা থাকা সত্ত্বেও ডিজেল খরচ কমানোর জন্য কারখানা বন্ধ রাখতে হচ্ছে। এভাবে লোডশেডিং চলতে থাকলে কারখানা চালু রাখা সম্ভব হবে না।
নওগাঁ বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশন) পল্লীতে অবস্থিত নাসিম ব্রাদার্স অটোমেটিক রাইস মিল। কারখানাটির ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। একবার বিদ্যুৎ চলে গেলে ১ থেকে দেড় ঘণ্টা লোডশেডিং থাকছে। এতে তাদের কারখানায় উৎপাদন প্রায় ৩০ শতাংশ কমে গেছে। জেনারেটর চালিয়ে উৎপাদন অব্যাহত রাখার ব্যবস্থা থাকলেও ডিজেলের খরচ কমাতে সবসময় জেনারেটর চালু রাখা সম্ভব হচ্ছে না।
৪ ঘণ্টা আগে